
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজ সকালে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তীতে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ভোরে এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে, ২০১৩ সালের ৩০ এপ্রিল অ্যাডভোকেট আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা এক দশকের বেশি সময় এই পদে আসীন ছিলেন। তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় গত ২৭ আগস্ট (২০২৪) একটি হত্যা মামলা দায়ের করা হয়। রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২) মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন। ওই মামলায় শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, এই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে টিপু মুনশি বর্তমানে কারাগারে রয়েছেন।

Reporter Name 






















