
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাড়ির সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এরপর ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পরপর তিনটি বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের সময় কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আজানের কিছু আগে তার বাড়ির সামনে বিকট শব্দে প্রথম বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর বিদ্যালয়ের সামনে এবং পরে দক্ষিণ পাশের সড়কে আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি আরও বলেন, পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে বিস্ফোরণের পর পড়ে থাকা ককটেলের খোসা উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Reporter Name 


















