
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারীতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিয়মনীতির তোয়াক্কা না করেই চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির মহিলা নেত্রী জেয়ারা খাতুন রুজির নির্দেশে বসানো হয়েছে কোরবানির পশুরহাট। নিরব ভূমিকায় প্রশাসন।
জানা গেছে,ঈদুল আযহা উপলক্ষে সপ্তাহের রবিবার ও বুধবার উপজেলার চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুমতি না নিয়েই পশুর হাট বসানো হয়েছে।
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট বাজার হাটটি ইজারা পেয়েছেন কুড়িগ্রামের অহেদ রানা নামের এক ব্যাক্তি। স্থানীয় মহিলা বিএনপির নেত্রী জেয়ারা খাতুন রুজি ইজারাদারের নিকট হতে নিয়ে নিজে চালাচ্ছেন হাটটি। ওই নেত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত থেকেও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, স্কুল মাঠে সারি সারি গরু-ছাগল খুটির সঙে বেঁধে রাখা হয়েছে। এতে দেখা গেছে স্কুল মাঠের অনেক জায়গায় বাঁশের খুটি বসানো হয়েছে৷ এছাড়াও স্কুলের সামনে মাটিকাটা-হরিপুর সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির স্বীকার হচ্ছেন পথচারীরাও৷ চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, আমার শিক্ষার্থীরা অভিযোগ দিয়ে অভিযোগ তুলে নিয়েছে আর সবচেয়ে বড় কথা হইলো আমার চাকরির বয়স শেষ তাই এলাকাবাসীর সাথে কোন ঝামেলায় যাইতে চাচ্ছি না আর ইউএনও স্যার চাইলেই পারে হাটটি তুলে দিতে।
হাট পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি জানান, হাটবাজারের একটা নীতিমালা আছে, সেই নীতিমালাতে বলা আছে জনস্বার্থে, জনগণের স্বার্থে এলাকার স্বার্থে যদি প্রয়োজন মনে করে জনগণ যে এখানে ইদ হাট আদারওয়াজ অন্য কিছু ফ্লাড সেন্টার, দূযোর্গপূর্ণ সময়ে কোনো কিছু সেল্টার নেয়া ঠিক আছে, এগুলো জনস্বার্থে করতে পারে, এলাকার লোকজন যদি চায়; আমরা সেই প্রসেসে করছি।
এ বিষয়ে ইউএনও সবুজ কুমার বসাকের সঙে যোগাযোগ করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, স্কুলে হাট বসানো নিষিদ্ধ, যিনি এটা (হাট) দিবেন বা করবেন তিনি দায়ী থাকবেন।

Reporter Name 

























