
পঞ্চগড় সংবাদদাতা: পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, “একটু উদ্যোগ ও একটু চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে। আত্মনির্ভরশীল হওয়ার জন্য সরকারি সহায়তার পাশাপাশি নিজেদেরও উদ্যোগী হতে হবে। এভাবেই ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায় থেকে দেশে স্বনির্ভরতা গড়ে উঠবে।”
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিভিন্ন স্তরের মানুষের মাঝে সহায়তা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ (অফ-প্যাভমেন্ট)’ প্রকল্পের আওতায় এলসিএস (LCS) কর্মীদের মাঝে জমানো সঞ্চয়ের অর্থের পে-অর্ডার হস্তান্তর করা হয়। এছাড়া লাইফ ওয়েল ফাউন্ডেশনের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়িত ‘উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প’-এর অংশগ্রহণকারী শিশুদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, স্বাস্থ্যসামগ্রী, স্কুলসামগ্রী এবং এসি/ডিসি বাল্ব বিতরণ করা হয়।
একই সাথে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবার ও ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, “মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন মুখী কল্যাণকর কর্মসূচি চলমান রয়েছে। এসব সহায়তাকে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রত্যেককে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সরকারি সহায়তার সঙ্গে যদি ব্যক্তিগত সততা ও উদ্যোগ যুক্ত হয়, তবেই একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।”
বোদা উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ও উপকারভোগীবৃন্দ।

Reporter Name 



















