
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ মো. জাকির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সদর উপজেলার জমিদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন জমিদারপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় জাকিরের কাছ থেকে ২৮ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৫৫০ টাকা, একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নম্বরপ্লেটবিহীন একটি কালো জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Reporter Name 
























