
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
মেধা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের শীর্ষস্থানীয় দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এবারও ভর্তির সুযোগ পেয়েছেন গাইবান্ধার পলাশবাড়ীর গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৭ জন মেধাবী শিক্ষার্থী। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নটর ডেম কলেজে ৬ জন এবং সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন ভর্তির সুযোগ পেয়ে প্রতিষ্ঠানটির সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন।
ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—নটর ডেম কলেজে রিদওয়ান সরকার, শাহরিয়া সাফিন, শীতল আরব, মো. ফারহান মন্ডল লাবিব, মো. ফারদিন মন্ডল লামিম ও মো. আরহাম কবির; এবং সেন্ট যোসেফ কলেজে মো. রাগিব ইসরাগ সমৃদ্ধ।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। অভিভাবকরা জানান, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সঠিক দিকনির্দেশনা, নিয়মিত একাডেমিক তদারকি, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই গৌরবজনক অর্জন সম্ভব হয়েছে।
শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীদের একনিষ্ঠতা, শিক্ষকদের একাগ্রতা ও অভিভাবকদের সচেতনতার সম্মিলিত প্রয়াসেই আজকের এই অর্জন। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে বড় সার্থকতা। আমরা প্রত্যাশা করি, আগামী দিনগুলোতেও আমাদের শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে ভর্তির যোগ্যতা অর্জন করে প্রতিষ্ঠান তথা এলাকার সুনাম আরও উজ্জ্বল করবে।”

Reporter Name 


















