
স্টাফ রিপোর্টার: বিশ্বজুড়ে ৫০ বছর এবং বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছরের সফল উন্নয়ন অভিযাত্রা পেরিয়ে নতুন ভিশন ও ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশ।
ঢাকার একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংস্থাটি নতুন লোগো ও ব্র্যান্ড রূপরেখা প্রকাশের পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রান্ডসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক রাশেদা কে. চৌধুরী।
অনুষ্ঠানে সহযোগী সংস্থাগুলোর মধ্য থেকে অংশীদারিত্বের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইসিডিও)-এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (এসইউএস)-এর নির্বাহী পরিচালক এস কে ঈমান আলী, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি রোজী রংমা, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর প্রতিনিধি আফতাব হোসেন, ইএসডিও প্রতিনিধি মশিউর রহমান এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রোগ্রাম ম্যানেজার কর্নেলিয়াস ডালবোট। এছাড়াও সহযোগী সংস্থাগুলোর তৃণমূল পর্যায়ের প্রতিনিধি এবং তরুণ প্রজন্মের নারী ও পুরুষ সদস্যরা এতে অংশ নেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাহুল এবং সংস্থাটির ‘সংলাপ’ কর্মসূচির কিশোরী প্রতিনিধি মোছা. ইয়াসমিন আক্তার ঈশিতা।
অনুষ্ঠানের মূল পর্বে প্রধান ও বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে কাউন্টডাউনের মাধ্যমে স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের নতুন লোগো ও ব্র্যান্ড উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্র্যান্ডের বাহ্যিক রূপ ও লোগোতে পরিবর্তন এলেও সংস্থার মূল দর্শন ও লক্ষ্য অপরিবর্তিত থাকবে; যার মূলমন্ত্র- ‘উই আর পোভার্টি ফাইটার্স’ (আমরা দারিদ্র্যের বিরুদ্ধে যোদ্ধা)।

Reporter Name 


















