
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বজুড়ে ৫০ বছর এবং বাংলাদেশে সাড়ে তিন দশকের (৩৫ বছর) সফল উন্নয়ন অভিযাত্রা পেরিয়ে নতুন ভিশন ও ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ’। সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংস্থাটির নতুন লোগো ও ব্র্যান্ডের আত্মপ্রকাশ ঘটে। একই সঙ্গে দারিদ্র্য দূরীকরণে নিজেদের টেকসই ও দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী।
স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন উন্নয়ন সংস্থা (ইউএস)-এর নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইসিডিও)-এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (এসইউএস)-এর নির্বাহী পরিচালক এস কে ঈমান আলী, কারিতাস-এর প্রতিনিধি রোজী রংমা, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর প্রতিনিধি আফতাব হোসেন, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিনিধি মশিউর রহমান এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস)-এর প্রোগ্রাম ম্যানেজার কর্নেলিয়াস ডালবোট।
অনুষ্ঠানে অংশীদার সংস্থাসমূহের তৃণমূল প্রতিনিধি ও যুব ফোরামের সদস্যরা অংশ নেন। পুরো আয়োজনটি যৌথভাবে সঞ্চালনা করেন রাহুল এবং সংস্থাটির ‘সংলাপ’ কর্মসূচির কিশোরী প্রতিনিধি মোছা. ইয়াসমিন আক্তার ঈশিতা।
অনুষ্ঠানের মূল পর্বে অতিথিদের সঙ্গে নিয়ে কাউন্টডাউনের মাধ্যমে স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন লোগো ও ব্র্যান্ড উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্র্যান্ডের বাহ্যিক রূপ ও লোগোতে আধুনিক পরিবর্তন এলেও সংস্থার মূল দর্শন ও লক্ষ্য অটুট থাকবে; যার মূলমন্ত্র— ‘উই আর পোভার্টি ফাইটার’ (আমরা দারিদ্র্যের বিরুদ্ধে যোদ্ধা)।

Reporter Name 




















