
প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক স্থান থেকে সাজেদা বেগম (৩০) ও সিদ্দিকা খাতুন (২৩) নামের দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে সিদ্দিকা খাতুনের মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে রবিবার রাতে উপজেলার সোনারায় ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত সাজেদা বেগম পূর্ব শিবরাম গ্রামের আউয়াল মিয়ার স্ত্রী এবং সিদ্দিকা খাতুন একই ইউনিয়নের নেংটিপাড়া এলাকার হিরা মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে নিজ বাড়ির টিনের ঘরের আড়ার (ধরণা) সঙ্গে সিদ্দিকা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এরপর রাত সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামের নিজ বাড়ি থেকে সাজেদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, প্রাথমিকভাবে দুটি ঘটনাই আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সিদ্দিকা খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। অপর মৃত্যুর ঘটনাটিতেও আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Reporter Name 


















