
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ময়নুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১০ বছর বয়সী ছেলে মাহিদকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নুল ইসলাম উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ময়নুল ইসলাম তার শিশুসন্তান মাহিদকে সঙ্গে নিয়ে তেলিয়ান বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তারা বিলের গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারে নামেন এবং সাঘাটা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। এক পর্যায়ে শিশু মাহিদকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পানির নিচ থেকে ময়নুল ইসলামের নিথর দেহ উদ্ধার করা হয়।
সাঘাটা ফায়ার সার্ভিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। ছেলেকে জীবিত উদ্ধার করা গেলেও বাবাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Reporter Name 


















