
মব করে পরীক্ষা বন্ধ বা অটোপাসের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষাকে যুগোপযোগী ও মানসম্মত করতে সরকার কাজ করছে—এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষাখাতে কোনো ধরনের দুর্নীতি, তদবির বাণিজ্য কিংবা প্রকল্পের নামে অর্থ অপচয় আর সহ্য করা হবে না। অতীতে যারা এসব অনিয়ম করেছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না বলে স্পষ্টভাবে সতর্ক করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। শিক্ষাব্যবস্থাকে স্থিতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ভর্তি বাণিজ্য বন্ধে বড় ধরনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এ জন্য একটি ডিজিটাল অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে তদবির বা অনিয়ম ছাড়াই শিক্ষার্থীরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভর্তি হতে পারবে। এতে ভর্তির পুরো প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর নিয়ম চালুর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যথাযথ অনুমতি, শিক্ষার্থীদের নিরাপত্তা, ফায়ার এক্সিটসহ সব শর্ত পূরণ করেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে। কোনো বাসা, গ্যারেজ বা অনিরাপদ স্থানে স্কুল গড়ে তুলতে দেওয়া হবে না।
এছাড়া দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে শিক্ষার মান, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট 























