
প্রতিনিধি গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ সরেজমিনে পরিদর্শন করেছেন।
গত বুধবার দুপুরে তিনি সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি) সংস্থা পরিচালিত এই কলেজের একাডেমিক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দীন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, কামারজানী ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, এসইউপি’র নির্বাহী পরিচালক ও কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি এম সাদ্দাম হোসেন পবন, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম এবং সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজের উপাধ্যক্ষ মো. আসাদ মামুন দিপুসহ অনেকে।
পরিদর্শন শেষে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, “অনগ্রসর জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে এই কলেজ অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে দুর্গম চরাঞ্চলসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর শিক্ষার্থীদের জন্য এটি একটি যুগোপযোগী উদ্যোগ। সামাজিক দায়বদ্ধতা থেকে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকায় উচ্চশিক্ষার পথ সুগম হয়েছে। আশা করি, প্রতিষ্ঠানটি তার লক্ষ্য অর্জনে সফল হবে এবং সমাজে উচ্চশিক্ষার হার বৃদ্ধি পাবে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির যাত্রালগ্নে সম্পৃক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং কলেজের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Reporter Name 




















