
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, জিআর চাল, চেক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন তিনি। বিতরণ অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান এবং ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে ৯শ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়াও ২ জনকে হেয়ারিং এইড, ২ জনকে কর্নার চেয়ার ও ৫ জনকে সাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কোনো অসহায় মানুষ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নানা ধরনের ভাতা, সহায়ক উপকরণ ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করছে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, ঘোড়াঘাট-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 


















