
চট্টগ্রাম প্রতিনিধি:
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার আজকের (বুধবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রাতে পৃথক দুটি আদেশে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি এবং পরে কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সর্বশেষ রাতে দেওয়া নতুন আদেশে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার পরীক্ষাই স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
টানা ও রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম ও আশপাশের পার্বত্য জেলাগুলোর অনেক এলাকা তলিয়ে গেছে। প্রধান সড়কগুলো জলাবদ্ধ হয়ে পড়ায় এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

Reporter Name 
























