
প্রতিনিধি, গাইবান্ধা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো রদবদল না হলেও নতুন করে যুক্ত হচ্ছেন দুই সদস্য। নতুন মন্ত্রী হিসেবে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ শেষে তাঁর কাছ থেকেই নতুন এই দুই সদস্য শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথগ্রহণের আইনি বাধ্যবাধকতা থাকায় আগামী ২১ বা ২২ আগস্টের মধ্যেই এই শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্যকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন পদত্যাগ করেন তৎকালীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এরপর থেকে মন্ত্রণালয়টির দায়িত্ব সামলাচ্ছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যিনি একই সাথে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।
এদিকে নতুন মন্ত্রীদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই এবং মন্ত্রিপরিষদ সচিবই এ ব্যাপারে সুস্পষ্ট তথ্য দিতে পারবেন। সংসদ সদস্য সাচিং প্রু জেরীও মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানেন না বলে জানান।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ এই মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ৫০-যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন (যাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার)।
অন্যদিকে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে শপথ অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

Reporter Name 




















