
নিজস্ব প্রতিবেদক: ‘নেশা ছাড়ি কলম ধরি/মাদকমুক্ত দেশ গড়ি’ স্লোগানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল ও কলেজের হলরুমে বুধবার (২২ জুলাই) এই সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক নিতাই সরকার, সচেতন শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক সাংবাদিক ময়নুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ভবিষ্যতে সুস্থ সমাজ চাইলে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন হতে হবে।লেখাপড়ার পাশাপাশি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে তাদেরকে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে মুক্ত থাকতে হবে। তিনি লক্ষ্মীপুর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এসব সামাজিক অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান।
শেষে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

Reporter Name 




















