
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ -এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় কিশোর-কিশোরীদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর সিডস প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ শনিবার (২৫ জুলাই) সাঘাটা উপজেলার উল্লা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল—‘অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের মূল কারণ’। এতে পক্ষ ও বিপক্ষ দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ‘কুখাতাইর সংলাপ সেন্টার’ ও ‘দক্ষিণ উল্লা চরপাড়া সংলাপ সেন্টার’।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আতিয়ার রহমান, শিক্ষক জাফরুল ইসলাম, শিক্ষিকা চামেলি বেগম এবং সাংবাদিক আনিছুর রহমান টিপু।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডস প্রকল্পের শিক্ষা বিষয়ক প্রোগ্রাম অফিসার আক্কাস আলী আকন্দ, উপজেলা সমন্বয়কারী লাইজু আক্তার, প্রোগ্রাম অফিসার হারুন উর রশিদ ও মাহমুদুল হাসান রুমেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Reporter Name 




















