
স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ শাওন হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজার রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শিবিরের সভাপতি শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকার, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ হোসাইন এবং পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান নূর প্রমুখ।
বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ মাঠে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি ফেরদৌস সরকার রুম্মান বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের প্রিয় কাফেলা হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু শারীরিক ও মানসিক উৎকর্ষই নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সংগঠনটি সচেতন ভূমিকা রেখে চলেছে।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

Reporter Name 
























