
রাজশাহী ব্যুরো: হিটওয়েভ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে রেস প্রকল্পের আওতায় হিট অ্যাকশন ডে-২০২৬ উপলক্ষে রবিবার দুপুরে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, তীব্র তাপদাহ মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। পর্যাপ্ত নিরাপদ পানি পান, ছাতা ও টুপি ব্যবহার, ভরদুপুরে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, হালকা রঙের সুতির পোশাক পরিধান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের তাপদাহে করণীয় বিষয়ে সচেতন করতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাপ-লুডু খেলা, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং সচেতনতামূলক বার্তা সম্বলিত হাতপাখা বিতরণ করা হয়। এছাড়া হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে একটি ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার কান্তা রেজাসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Reporter Name 




















