
স্টাফ রিপোর্টার: ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন আরিফ উল করিম সিয়াম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই মেধাবী শিক্ষার্থীর দেশসেরা সাফল্যে তাঁর জন্মভূমি গাইবান্ধাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
উল্লেখ্য, বিচার বিভাগের প্রবেশ পদ সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে স্বতন্ত্র ‘বিজেএস’ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেন সিয়াম।
আরিফ উল করিম সিয়াম গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের মো. রেজাউল করিম এবং আলপনা করিমের ছেলে। তাঁর এই অভাবনীয় অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠীসহ সাঘাটাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর মতে, জাতীয় পর্যায়ে সিয়ামের এই গৌরবোজ্জ্বল সাফল্য শুধু সাঘাটার জন্যই নয়, সমগ্র গাইবান্ধা জেলার জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে। বিচার বিভাগে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি দেশ ও মানুষের সেবা করবেন-এমনটাই প্রত্যাশা সবার।

Reporter Name 





















