
ইমরান হুসাইন লিখন ও আনিছুর রহমান, বগুড়া:
উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত গুরুত্বপূর্ণ জেলা বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পর এবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হওয়ায় জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এই সিটি কর্পোরেশনের মাধ্যমে শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণের নতুন দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সবার।
স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন পৌরসভা হিসেবে বগুড়ার বিশাল পরিধি ও বিপুল জনসংখ্যার তুলনায় নাগরিক সুবিধা ছিল বেশ সীমিত। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় এখন সরকারি বরাদ্দ ও বাজেট বৃদ্ধির পাশাপাশি বৃহৎ উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হবে। এতে এই অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও ব্যাপক প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।
তবে স্থানীয় সুধীজনদের মতে, বগুড়াকে একটি আধুনিক, স্মার্ট ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে শুরুতেই সঠিক মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করতে হবে। একইসাথে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সব মিলিয়ে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনকে ঘিরে এক নতুন আগামীর স্বপ্ন বুনছেন জেলাবাসী; যেখানে আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত জীবনমান এবং টেকসই নগরায়ণের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ নেবে।

Reporter Name 






















