
এস.এ দোলন, পঞ্চগড় প্রতিনিধি:
পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, সামান্য উদ্যোগ ও আন্তরিক চেষ্টাই মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে। আত্মনির্ভরশীল হতে হলে সরকারি উদ্যোগের ওপর কেবল নির্ভরশীল না থেকে নিজেদেরও সচেষ্ট হতে হবে। ব্যক্তি ও পরিবার পর্যায় থেকে এভাবেই গড়ে উঠবে স্বনির্ভর সমাজ ও দেশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বহুমাত্রিক কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে সবাইকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। সরকারি সহায়তার সাথে ব্যক্তিগত সততা ও কর্মোদ্যোগ যুক্ত হলেই একটি আত্মমর্যাদাশীল সমাজ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ (অফ-প্যাভমেন্ট)’ প্রকল্পের আওতায় এলসিএস (LCS) কর্মীদের সঞ্চিত অর্থের পে-অর্ডার হস্তান্তর করা হয়। এছাড়া লাইফ ওয়েল ফাউন্ডেশনের পরিচালনায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়িত ‘উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প’-এর শিশুদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, স্বাস্থ্যসামগ্রী, শিক্ষা উপকরণ ও এসি/ডিসি বাল্ব বিতরণ করা হয়। একই সাথে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবার ও ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন এবং গৃহনির্মাণ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের প্রতিনিধি ও উপকারভোগীরা।

Reporter Name 


















