
ঢাকা প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিভিন্ন মহলের আপত্তির মুখে সংবাদ উপস্থাপকদের পোশাকসংক্রান্ত বিতর্কিত নির্দেশনাটি প্রত্যাহার করেছে বাংলাদেশ বেতার। রোববার (২৪ মে) এক নতুন অফিস আদেশের মাধ্যমে পূর্বের নির্দেশনাটি বাতিল করা হয়। বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এস এম জাহীদ এই আদেশে স্বাক্ষর করেন।
এর আগে, গত ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনের উপস্থাপকদের জন্য একটি নির্দিষ্ট পোশাকনীতি নির্ধারণ করা হয়েছিল।
ওই নির্দেশনায় নারী উপস্থাপকদের জন্য শাড়ি বা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরা বাধ্যতামূলক করার পাশাপাশি বড় টিপ না পরা এবং একপাশে ওড়না না নেওয়ার মতো কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। অন্যদিকে, পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরা বাধ্যতামূলক করা হয়েছিল। বিশেষ দিন ও উৎসবে পাঞ্জাবি পরার সুযোগ থাকলেও টি-শার্ট বা গেঞ্জি পরা নিষিদ্ধ করা হয়।
এই নির্দেশনাটি প্রকাশ্যে আসার পরপরই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে নারী উপস্থাপকদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করাকে অনেকে বৈষম্যমূলক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন। সংশ্লিষ্টদের মতে, সংবাদ উপস্থাপনায় মূল গুরুত্ব থাকা উচিত উপস্থাপকের পেশাদারিত্ব, বাচনভঙ্গি ও ভাষার মানের ওপর—পোশাক বা বাহ্যিক অবয়বের ওপর নয়।
তীব্র বিতর্ক ও নানামুখী প্রতিক্রিয়ার মুখে অবশেষে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে নির্দেশনাটি বাতিল করতে বাধ্য হলো বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।

Reporter Name 
























