
স্টাফ রিপোর্টার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার দায়ে ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে একটি খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ১৮ বস্তা সার উপস্থিত কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের মীরগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাইয়ুম চৌধুরী এবং থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মোঃ কাইয়ুম চৌধুরী জানান, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। তল্লাশিকালে কুঞ্জ ট্রেডার্সে ১৮ বস্তা সার অবৈধভাবে মজুত রাখার প্রমাণ মেলে। পরে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নিয়ন্ত্রণ আদেশ’ অমান্য করায় প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, ‘অবৈধ সার মজুত, কালোবাজারি কিংবা কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের জিম্মি করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।’

Reporter Name 























