
বেরোবি (রংপুর) সংবাদদাতা: রংপুরের পীরগাছা ও কাউনিয়ার ১৪৪ জন প্রান্তিক নারী ও কিশোরীকে প্রজনন ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘সাসটেইনেবল লাইভলিহুডস অব রুরাল উইম্যান থ্রু মাইক্রো এপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট’ (সীড) প্রকল্পের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় পীরগাছার বামুনসর্দার (অন্নদানগর) এবং কাউনিয়ার হরিচরণ শর্মা (টেপামধুপুর) কমিউনিটি ক্লিনিকে দুটি ক্যাম্প আয়োজনের মাধ্যমে এসব সেবা প্রদান করা হয়।
ক্যাম্প দু’টি উদ্বোধন করেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। তিনি বলেন, “সচেতনতার অভাব বা আর্থিক সীমাবদ্ধতার কারণে গ্রামীণ নারীরা প্রায়ই প্রজনন স্বাস্থ্যের মতো জরুরি বিষয়ে চিকিৎসাসেবা থেকে দূরে থাকেন। ইসলামিক রিলিফ নারীদের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডা. সুলতানা বিলকিস ও ডা. মোহতারেমা বেগম। ক্যাম্পে নারী প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রকল্পের আওতায় পীরগাছা ও কাউনিয়ায় মোট ৪০টি হেলথ ক্যাম্প পরিচালিত হবে। যার অংশ হিসেবে এই ক্যাম্প দু’টি সফলভাবে সম্পন্ন হলো। অনুষ্ঠানে চিকিৎসা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদানের পাশাপাশি পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।

Reporter Name 




















