
দেশীয় প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি (ইভি) দেখে প্রশংসায় ভাসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি নিজেই এসইউভি ও কাভার্ড ভ্যান চালিয়ে দেখেন এবং নির্মাতাদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
আজ শনিবার (২৩ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি একাধিক ইভি পরিদর্শন করেন তিনি। এ সময় একটি এসইউভি ও একটি কাভার্ড ভ্যান নিজ হাতে চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি, যিনি গাড়ির প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরেন।
নির্মাতা প্রতিষ্ঠান জানায়, এটি দেশের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রিক ভেহিক্যাল। গাড়িগুলো ব্যাটারিচালিত, পরিবেশবান্ধব এবং জ্বালানি তেলের প্রয়োজন নেই। পাশাপাশি বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। সাধারণ মানুষের নাগালে রাখার লক্ষ্য নিয়েই দাম নির্ধারণ করা হচ্ছে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, মান ও নিরাপত্তা নিশ্চিত করে দেশে যদি বৈদ্যুতিক যান উৎপাদন করা যায় এবং দেশ উপকৃত হয়, তাহলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
পরিদর্শনের জন্য কার্যালয় প্রাঙ্গণে আনা হয় দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল। সকাল ১০টার দিকে তিনি গাড়িগুলো দেখেন এবং পরে দপ্তরে যাওয়ার আগে একে একে এসইউভি ও কাভার্ড ভ্যান চালিয়ে দেখেন।
পরে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইভি বাজারজাতকরণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নির্মাতাদের দাবি অনুযায়ী, এসইউভি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ৫–৬ ঘণ্টা এবং ফাস্ট চার্জে প্রায় ৩০ মিনিট লাগে। অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম, যেখানে পূর্ণ চার্জে সাধারণত ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Reporter Name 
























