
ডেস্ক রিপোর্ট:
দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান। অবশেষে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল সুপারস্টার নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়রের। আসন্ন বিশ্বকাপে আবারও দেশের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সিতে দেখা যাবে তাঁকে। নেইমারের এই ফিরে আসার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি পোস্ট করেছেন তাঁর বাবা, যা ফুটবলপ্রেমীদের গভীরভাবে স্পর্শ করেছে।
নেইমারের বাবা লিখেছেন, এই তিনটি বছর কেবল নেইমারের জন্যই নয়, পুরো পরিবারের জন্য ছিল এক চরম যন্ত্রণার ও অগ্নিপরীক্ষার সময়। সকল সমালোচনা ও চোটের আঘাত কাটিয়ে ছেলের এই প্রত্যাবর্তন তাঁদের কাছে এক নতুন জীবন পাওয়ার মতো।
সেলেসাওদের হয়ে নেইমার শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে, মন্টেভিডিওতে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের

যোগ্যতা অর্জন পর্বে। সেই ম্যাচেই হাঁটুতে মারাত্মক চোট (ACL) পান তিনি। অস্ত্রোপচারের পর দীর্ঘ রিহ্যাবিলিটেশন শেষ করে মাঠে ফিরলেও জাতীয় দলের দরজা সহজে খোলেনি। নিজেকে পুরোপুরি প্রমাণ করতে এবং চেনা ছন্দ ফিরে পেতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে যোগ দেন তাঁর শৈশবের ক্লাব সান্তোস এফসিতে। সান্তোসে ধীরে ধীরে নিজের চেনা রূপ ফিরে পেলেও জাতীয় দলের নির্বাচকদের মন গলাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে।
গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলেও নেইমারকে রাখেননি ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ কার্লো আনচেলত্তি। কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, শতভাগ ফিটনেস প্রমাণ করতে না পারলে বিশ্বকাপের দলে নেইমারের কোনো জায়গা হবে না। কোচের সেই চ্যালেঞ্জ জিতে এবং সম্পূর্ণ ফিট হয়েই এবার রাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নেইমারের এই অন্তর্ভুক্তিতে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Reporter Name 























